দুই খণ্ডে ‘সৃষ্টির উল্লাসে রোবটিকস’ প্রকাশ

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৬  
শিশু-কিশোরদের রোবটিক্সে আগ্রহী করে তুলতে একইসঙ্গে দুই খন্ডে প্রকাশিত হয়েছে ‘সৃষ্টির উল্লাসে রোবটিকস’। তরুণ লেখক মিশাল ইসলাম রচিত এই বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, রোবটিকস ও রোবট অলিম্পিয়াড নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটি পাওয়া যাচ্ছে  অনলাইনে ‘রকমারি’ সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বইয়ের লাইব্রেরিগুলোতে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই রকমারিতে গণিত, বিজ্ঞান, প্রযুক্তি ক্যাটাগরিতে বেস্টসেলার#৩ এ ‍উঠে এসেছে বইটি। বইটি বিষয়ে লেখক মিশাল ইসলাম জানিয়েছেন, ‘সৃষ্টির উল্লাসে রোবটিক্স’ বইয়ে কঠিন ভাষা এড়িয়ে শিশুদের উপযোগী করে সহজ ও প্রাঞ্জল ভাষায় রোবটিক্স এর কঠিন কঠিন বিষয়গুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই বইটি একজন মেন্টরের মত সহায়তা করবে রোবটিক্সের বিভিন্ন ধাপ শিখতে ও বুঝতে। বইটি ৭-১৮ বছরের শিক্ষার্থীদের প্রধান উদ্দেশ্য করে লেখা, কিন্তু তারচেয়েও অবশ্যপাঠ্য অভিভাবকদের জন্য। অভিভাবক ও শিক্ষার্থী একত্রেই বইয়ের বিভিন্ন ধারণা নিতে পারবেন ও ধাপে ধাপে হাতেকলমে প্রজেক্টগুলো সম্পন্ন করতে পারবেন। রোবটিক্স এর মৌলিক বিষয়গুলোর সাথে পরিচয়ের মাধ্যমে বই এর মূল অধ্যায় শুরু হয়েছে। এর ফলে নতুন শিক্ষার্থীরাও সহজে বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারবে। খুব সহজে হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে রোবটিক্স এর ক্ষুদে প্রজেক্ট থেকে শুরু করে ক্রমান্বয়ে আরডুইনো, এলইডি ব্যবহার করতে শেখা; তারপর সেন্সরের সাথে পরিচয়ের মাধ্যমে রোবটে দারুণ সব ফিচার যোগ করা; রোবটটিকে চলতে শেখানো - এ যেন এক জাদুর হাতছানি। একবার শুরু করতে পারলে এই হাতছানি থেকে নিজেকে দূরে রাখা মুশকিল। বইটির আরো একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে সব সমস্যার সমাধান দিয়ে দেয়া হয়নি - বরং কীভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এর ফলে শিশুদের সমস্যা সমাধানে দক্ষতাও বাড়বে। বইয়ের শেষ দুইটি অধ্যায় লেখা হয়েছে রোবট অলিম্পিয়াড এর উপর। রোবট অলিম্পিয়াড নিয়ে বাংলায় এখন পর্যন্ত একমাত্র রিসোর্স এ বইটি। অলিম্পিয়াডের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মকানুন, কিভাবে নিজেকে প্রস্থুত করতে হবে - সে সম্পর্কে বিশদ আলোচনা করে হয়েছে এ অধ্যায়ে। আর সেই সাথে বোনাস হিসেবে পাওনা রোবট অলিম্পিয়াডে স্বর্ণজয়ী ও অন্যান্য পদকজয়ী ক্ষুদে রোবটবিদদের সাক্ষাৎকার।